পাটগ্রাম সীমান্তে বিএসএফের গু/লি/তে বাংলাদেশি যুবক আ/হত, এলাকায় উ/ত্তেজনা
- আপডেট সময় : ০৮:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গু/লি/তে বাংলাদেশি যুবক আ/হত, এলাকায় উ/ত্তেজনা
ধানক্ষেতে পানি দিতে গেলে গুলি ছোড়ার অভিযোগ; আহত মিজানকে রংপুরে পাঠানো হয়েছে, ভারতীয় এক নাগরিককে আটক করেছে স্থানীয়রা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. মিজান ইসলাম (১৮) নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। এ ঘটনায় সীমান্ত এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার ৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধীন ধবলসুতি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৮২৬/১-এস সংলগ্ন ভারতের অভ্যন্তরের প্রায় ১০ গজ ভেতরে গাটিয়ার ভিটা এলাকায় ধানক্ষেতে পানি দিতে যান মো. মিজান ইসলাম। এ সময় ভারতীয় ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের গোমতী ক্যাম্পের একটি টহল দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ ওঠে।
গুলিতে মিজান ইসলামের কাঁধে আঘাত লাগে। আহত অবস্থায় তিনি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়।
আহত মিজান ইসলাম পাটগ্রাম উপজেলার রহমতপুর গাটিয়ার ভিটা গ্রামের মফিজুল ইসলামের ছেলে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ এলাকাবাসী শ্রী সাধন বর্মন নামে এক ভারতীয় নাগরিককে দুটি গরুসহ আটক করে বাংলাদেশে নিয়ে আসে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আটক ভারতীয় নাগরিক বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় সীমান্তজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




















