পহেলা বৈশাখ ঘিরে রাজশাহীতে ইলিশের দাম আকাশছোঁয়া, কেজিতে বেড়েছে ৭০০ টাকা
- আপডেট সময় : ০৬:৩৮:২২ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ১৫৫ বার পড়া হয়েছে

পহেলা বৈশাখ ঘিরে রাজশাহীতে ইলিশের দাম আকাশছোঁয়া, কেজিতে বেড়েছে ৭০০ টাকা
চাহিদা বাড়ায় বাজারে অস্থিরতা, উচ্চ দামে হতাশ ক্রেতারা
দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। আর এই নববর্ষকে ঘিরে ইলিশ মাছের চাহিদা থাকে তুঙ্গে। তবে এবারের পহেলা বৈশাখকে সামনে রেখে রাজশাহীর বাজারে ইলিশের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। কেজিপ্রতি ৫০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বেড়েছে এ মাছের দাম।
রাজশাহী শিক্ষানগরী ও বিভাগীয় শহর হওয়ায় প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়। ফলে এ সময় ইলিশের চাহিদা বেড়ে যায় কয়েকগুণ। আর সেই সুযোগে বাজারে দামও বেড়ে গেছে উল্লেখযোগ্য হারে।
নগরীর সাহেববাজার, নিউমার্কেট, কোর্ট বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কয়েক দিনের ব্যবধানে ইলিশের দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। সপ্তাহ খানেক আগে ৪০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ১১০০ থেকে ১২০০ টাকায়। বর্তমানে সেই ইলিশ কেজিপ্রতি ১৬০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম উঠেছে ২০০০ থেকে ২৪০০ টাকায়। আর বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২৫০০ থেকে ৩০০০ টাকা কেজিতে।
বিক্রেতারা জানান, পাইকারি বাজারেই দাম বেড়েছে। ফলে খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে উচ্চ দামের কারণে বিক্রি কিছুটা কমে গেছে।
ক্রেতারা বলছেন, ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অনেকেই ঐতিহ্য রক্ষার জন্য ইলিশ কিনতে বাজারে এলেও উচ্চ দামের কারণে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
ক্রেতা মশিউর রহমান বলেন, “প্রতিদিনই মাছের দাম বাড়ছে। বিক্রেতারা যার কাছে যেমন পাচ্ছেন, তেমন দাম নিচ্ছেন। সাধারণ মানুষের জন্য ইলিশ কেনা কঠিন হয়ে গেছে। আমি নিজেও ইলিশ না কিনে বাড়ি ফিরে যাচ্ছি।”
সাহেববাজারের আরেক ক্রেতা লিটন আলী বলেন, “অন্য মাছের দাম মোটামুটি স্বাভাবিক থাকলেও ইলিশের দাম অনেক বেড়েছে। আগে যে মাছ ১ হাজার টাকায় পাওয়া যেত, এখন তা ১৭০০ টাকায় বিক্রি হচ্ছে। পহেলা বৈশাখ এলেই চাহিদা বাড়ে, তাই দামও বাড়ে। তবে এবার বৃদ্ধি অনেক বেশি।”
বিক্রেতা নীরব আলী বলেন, “৪০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৬০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। এক কেজি ওজনের ইলিশ ২৫০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে। দাম আরও বাড়তে পারে। তবে দাম বাড়ার কারণে বিক্রি কমে গেছে।”
















