নৈশ্য প্রহরি থাকা সত্ত্বেও রাঘবপুর উচ্চ বিদ্যালয়ে চুরি
- আপডেট সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫ ২৬৮ বার পড়া হয়েছে

নৈশ্য প্রহরি থাকা সত্ত্বেও রাঘবপুর উচ্চ বিদ্যালয়ে চুরি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাঘবপুর উচ্চ বিদ্যালয়ে নৈশ্য প্রহরি থাকা সত্ত্বেও রাতের আঁধারে চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) দিবাগত রাতে বিদ্যালয়ে এই চুরি সংঘটিত হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের একটি সরকারি ল্যাপটপ, ওয়াইফাই মেশিন, পানি পাম্পের মোটর, রাইস কুকার, আলমারিতে থাকা ৯০ হাজার টাকা ও ড্রয়ারে থাকা ৯১ হাজার টাকা-মোট ১ লাখ ৮১ হাজার টাকার মালামাল চুরি হয়।
চুরির পর নৈশ প্রহরী আয়েশ আলী প্রধান শিক্ষককে খবর দিলে, তিনি কয়েকজন শিক্ষক-শিক্ষিকাকে নিয়ে বিদ্যালয়ে পৌঁছান। অফিসকক্ষে প্রবেশ করতে গেলে নৈশ প্রহরী প্রথমে বাধা দেন এবং বলেন, “পুলিশ তদন্ত ছাড়া ঘরে প্রবেশ করা যাবে না।” পরে চাবি দিয়ে তালা খুললে দেখা যায়, চুরি হওয়া মালামালের বেশিরভাগই কক্ষের ভেতরে আছে, তবে আলমারি ও ড্রয়ারের টাকা উধাও।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় পাঁচজনের নামে চুরির অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকৃতরা হলেন-আব্দুল কাদের, সাব্বির ওরফে সাকা, নজু, জামাল ও নৈশ প্রহরী আয়েশ আলী।
প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় বলেন, “পূর্ব শত্রুতার জেরে আমাকে ফাঁসানোর জন্যই নৈশ প্রহরীর সহযোগিতায় চুরির এই নাটক সাজানো হয়েছে। চুরি হওয়া মালামাল ইচ্ছাকৃতভাবে আমার অফিসে রেখে আমাকে জড়ানোর চেষ্টা করা হয়েছে।”
রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের চুরির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
















