নাটোর সুগার মিলের কারখানায় ডাকাতি, বিপুল পরিমাণ যন্ত্রপাতি লুট
- আপডেট সময় : ০২:০৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫ ৩৯৭ বার পড়া হয়েছে

নাটোর সুগার মিলের কারখানায় ডাকাতি, বিপুল পরিমাণ যন্ত্রপাতি লুট
নাটোর সুগার মিলের কারখানায় নৈশ প্রহরীদের বেধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বিপুল পরিমাণ, লোহা তামা ও পিতলের যন্ত্রপাতি ট্রাক ভর্তি করে নিয়ে যায়। শনিবার (২ আগস্ট) দিবাগত রাতে এই ডাকাতির ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কি পরিমান মালামাল লুট হয়েছে তার সঠিক পরিমাণ জানাতে পারেনি মিল কতৃপক্ষ।
নাটোর সুগার মিলের ব্যাবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান জানান, গতকাল রাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে রাত দেড়টার দিকে ২০/২৫ জনের একটি ডাকাত দল মিলের গেটে গিয়ে সেখানকার নৈশ প্রহরীকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে ভিতরে প্রবেশ করে। পরে মিলের ভিতরে থাকা আরো ৭ জন নৈশ প্রহরীকে আগ্নেয়াস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে বেঁধে বয়লার রুমে আটকে রাখে। পরে ডাকাতরা মিলের বিভিন্ন স্থানে থাকা তামা, পিতল, লোহা ও সিলভারের দামি দামি যন্ত্রপাতি লুট করে ট্রাক ভর্তি করে নিয়ে চলে যায়। প্রায় তিন ঘন্টা ধরে ডাকাতরা তাদের কার্যক্রম চালায় মিলের ভিতর। পরে ভোরের দিকে একজন নৈশ প্রহরী কৌশলে তার বাঁধন খুলে মিলের হুইসেল বাজিয়ে দেয় এবং অন্য প্রহরীদের বাঁধন খুলে দিয়ে মসজিদের মাইক থেকে মাইকিং করে ডাকাতির ঘটনাটি জানান সবাইকে। খবর পেয়ে মিল কর্মকর্তা ও কর্মচারীরা মিলে এসে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে ৯০ লাখ টাকার অধিক মালামাল লুট হয়েছে বলে জানান মিল কর্তৃপক্ষ।
















