নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন!
- আপডেট সময় : ০২:১২:২২ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২ ১৬২ বার পড়া হয়েছে

নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে জাতীয় আদিবাসী পরিষদের মানববন্ধন! গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬বছর আগে পুলিশের গুলিতে নিহত তিন সাঁওতাল হত্যার বিচার দাবিতে নাটোরে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। রোববার বেলা ১২ টার দিকে শহরের কানাইখালীস্থ প্রেসক্লাব এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্দনে আদিবাসী নেতৃবৃন্দ পুলিশের গুলিতে নিহত সাঁওতাল শ্যামল হেমব্রম, রমেশ টুডু ও মঙ্গল মার্ডি হত্যার বিচার দাবী করেন। মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক কালিদাস রায়, যুগ্ম সাধারণ সম্পাদক যাদু কুমার দাস, সদর উপজেলা সভাপতি বাবুল মুন্ডা, সাধারণ সম্পাদক শ্যামলার তেলী, আদিবাসী নেতা শংকর বাগদী, হেমন্ত পাহান, সত্যেন বাগদী, মাধাই মুন্ডা প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, ভোট এলে আদিবাসীদের কদর বাড়ে, ভোট পেরিয়ে গেলে খবর থাকে না। রাজনৈতিক সব সংগঠন আদিবাসীদেরকে কেবল তাদের স্বার্থের জন্য ব্যবহার করে। সাহেবগঞ্জ বাগদাফার্ম চিনিকলে আদিবাসী ও বাঙ্গালীদের বাপ-দাদার প্রায় ১৮৩২ একর জমির দখল নিয়ে আদিবাসী মঙ্গল মার্ডি, শ্যামল হেমব্রম ও রমেশ টুডুকে গুলি করে হত্যা করা হয়। সেই সাথে সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগ, লুটপাট চালানো হয়। ৬ বছরেও এই হত্যাকান্ডের বিচার সম্পূর্ণ হয়নি। অতিদ্রুত আদিবাসীদের বাপ-দাদার জমি ফিরিয়ে দেওয়াসহ তিন সাঁওতাল হত্যাকান্ডের বিচার নিশ্চিতের দাবি করেন বক্তারা।
















