নাটোরে গাছের ডাল ভেঙ্গে পড়ে ৫ম শ্রেণীর ছাত্র নিহত!
- আপডেট সময় : ১২:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে

নাটোরে গাছের ডাল ভেঙ্গে পড়ে ৫ম শ্রেণীর ছাত্র নিহত!
বিশেষ প্রতিনিধি নাটোরঃ
সহপাঠির সাথে নাটোরের রানী ভাবনীর রাজবাড়ি বেড়াতে গিয়ে গাছের ডাল ভেঙ্গে পড়ে রাজু নামে ১২ বছরের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২ টার দিকে রাজবাড়ি চত্বরের মুক্ত মঞ্চ এলাকায় বয়েরা গাছের ডাল ভেঙ্গে মাথার উপর পড়ে তার মৃত্যু হয়। নিহত রাজু শহরের বলারি পাড়া এলাকার জনৈক রাজেনের ছেলে এবং স্থানীয় একটি আনন্দ স্কুলের ৫ শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শিরা জানায়, শুক্রবার দুপুর ১২ টার দিকে রাজু তার এক সহপাঠির সাথে রাজবাড়ি চত্বরের উন্মুক্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। মুক্ত মঞ্চ এলাকার ৪ নং স্পটে বিভিন্ন খেলনার দোকানের সামনে দাঁড়িয়ে থাকার সময় একটি বয়েরা গাছের ডাল ভেঙ্গে রাজুর মাথার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু রাজশাহীতে নেয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত বলে ঘোষণা করেন।
নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোঃ জুবায়ের হাবিব বলেন, এই মর্মান্তিক ঘটনায় নাটোরের জেলা প্রশাসন শোকাহত। দুর্ঘটনার ঘটার পর পরই তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া সহ চিকিৎসা বাবদ সর্বাত্মক সহযোগীতা করা হয়। পরবর্তীতে রাজশাহী থেকে মৃতদেহ আনার পর তার পরিবারকে সহায়তাসহ যাবতীয় ব্যবস্থা করা হয়েছে।


















