ধর্মীয় নেতাদের জন্য সরকারি সম্মানি ও উৎসব ভাতা চালু হচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
- আপডেট সময় : ০১:৫৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪১১ বার পড়া হয়েছে

ধর্মীয় নেতাদের জন্য সরকারি সম্মানি ও উৎসব ভাতা চালু হচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রাথমিকভাবে পরীক্ষামূলক বাস্তবায়ন, পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারণের পরিকল্পনা
দেশের মসজিদভিত্তিক ধর্মীয় নেতাদের সামাজিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তা জোরদারে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি সম্মানি ও উৎসব ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ চলছে।
তিনি জানান, প্রাথমিকভাবে দেশের কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে কার্যক্রম শুরু হবে। সফল বাস্তবায়নের পর তা ধাপে ধাপে সারাদেশে সম্প্রসারণ করা হবে। এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর তৃতীয় কার্যদিবসে প্রথমবারের মতো তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারগুলো দ্রুত বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
সরকারি সূত্র আরও জানায়, শুধু মুসলিম ধর্মীয় নেতাদের নয়, পর্যায়ক্রমে অন্যান্য ধর্মের ধর্মগুরুদের জন্যও বিশেষ ভাতার বিষয়টি বিবেচনায় রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, নতুন সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিশ্চিত করতে কাজ করছে। ধর্মীয় নেতাদের জন্য সম্মানি ও ভাতা প্রদান সেই লক্ষ্য পূরণের একটি অংশ।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে তৃণমূল পর্যায়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারের সমন্বয় আরও জোরদার হবে।




















