ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত প্রার্থীর
- আপডেট সময় : ১০:৩৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬ ২৩৯ বার পড়া হয়েছে

ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জামায়াত প্রার্থীর
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ ঐক্যবদ্ধ সমাজ ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনই আমাদের প্রধান চ্যালেঞ্জ। কাউকে বাদ দিয়ে কোনো ঐক্য সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়েই ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (১৭ জানুয়ারি) নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় অবাধ, সুষ্ঠু ও দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা জাতির বিবেক। আপনারা সত্য তুলে ধরেন বলেই জনগণ সঠিক তথ্য জানতে পারে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ ‘২৪-এর অভ্যুত্থানকে চূড়ান্তভাবে গ্রহণ করেছে। এই অভ্যুত্থানের মূল কারণ ছিল বৈষম্যের বিরুদ্ধে জনগণের অবস্থান। যে বৈষম্যের কারণে আবু সাঈদ, মুগ্ধ, আবরার ফাহাদ ও হাদি প্রাণ হারিয়েছেন, সেই বৈষম্য অবশ্যই দূর করতে হবে। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন ছাড়া এসব আত্মত্যাগের প্রকৃত মর্যাদা রক্ষা সম্ভব নয়।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো বিভ্রান্তি, অপতথ্য কিংবা সহিংসতা ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সত্য ও বাস্তব তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা একেএম আফজাল হোসেন। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির আনোয়ার হোসেন মুজাহিদ।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা এনসিপির আহ্বায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মিঠু সরকার, সেক্রেটারি শাহীন আলমসহ জামায়াত ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিকরাও মতবিনিময় সভায় অংশ নেন।




















