রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার
- আপডেট সময় : ০১:৩২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ২৮৫ বার পড়া হয়েছে

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার
র্যাবের অভিযানে ২০০ গ্রাম হেরোইন, সিএনজি অটোরিকশা ও নগদ টাকা জব্দ
রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন সিটিগেট সংলগ্ন বাইপাস এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দম্পতি হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি বাসুদেবপুর এলাকার বাসিন্দা মাসুম রানা (৪২) ও তার স্ত্রী শারমিন নাহার সিমা (৪০)। বর্তমানে তারা রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকায় বসবাস করছিলেন।
র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সকালে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য নিশ্চিত করে।
র্যাব জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা এবং নগদ ৩ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব।




















