নলডাঙ্গায় ভুয়া ঠিকানায় বীজ প্যাকেটজাত, সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা
- আপডেট সময় : ০৮:৩৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় ভুয়া ঠিকানায় বীজ প্যাকেটজাত, সেলিম বীজ ভান্ডারকে ৩০ হাজার টাকা জরিমানা
উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্যবিহীন বীজের মোড়ক জব্দ
নাটোরের নলডাঙ্গায় ভুয়া ঠিকানা ব্যবহার করে অবৈধভাবে ধান ও গমের বীজ প্যাকেটজাত করার অভিযোগে ‘সেলিম বীজ ভান্ডার’কে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ ভুয়া মোড়ক জব্দ করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম সোনাপতিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী সেলিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখানে অবৈধভাবে বীজ প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম ও মোড়ক পাওয়া যায়। পরিদর্শনে দেখা যায়, প্যাকেটজাত বীজের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ নেই।
এছাড়া প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া বীজ প্যাকেটজাত ও বিপণনের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ও ৪৪ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে জানায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি ভুয়া ঠিকানা ব্যবহার করে মুদ্রিত বিপুল পরিমাণ গমের বীজের মোড়কও জব্দ করা হয়।
অভিযানে উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও মোহাম্মদ শরীয়তুল্লাহ উপস্থিত ছিলেন। সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নলডাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, কৃষকের স্বার্থ সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত বীজের সরবরাহ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ কাজ করছে। বীজ ব্যবসায় প্রতারণা ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





















