নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৪:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

নাটোরে ৭ বছরের শিশুর আঙুল কা/টার অভিযোগ, পুলিশ সদস্য ও স্ত্রী গ্রেপ্তার
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পূর্ববিরোধের জেরে বাইজিদ বিন মাহমুদ নামের সাত বছরের এক শিশুর হাতের আঙুল ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্য ও তার স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্য সাকিল (৪০) ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে শহরের বড় হরিশপুর এলাকার চেয়ারম্যান পাড়ার একটি বাসায় এ ঘটনা ঘটে। আহত বাইজিদ বিন মাহমুদ ওই এলাকার বাসার মালিক ও ব্যাংক কর্মকর্তা মাহমুদুল হাসান মিলনের ছেলে। অভিযুক্ত সাকিল নাটোর পুলিশ সুপারের কার্যালয়ের অ্যাকাউন্টস শাখায় কর্মরত বলে জানা গেছে।
আহত শিশুর বাবা মাহমুদুল হাসান মিলনের অভিযোগ, চাকরির কারণে তিনি ঢাকায় থাকেন। নাটোরের ওই বাড়িতে সাকিল ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। বুধবার বাড়ির ভাড়াটিয়াদের উদ্যোগে আয়োজিত একটি পিকনিকে সাকিলের পাঁচ বছর বয়সী মেয়ের সঙ্গে বাইজিদের ঝগড়া বা কথাকাটাকাটি হয়। এরই জেরে বৃহস্পতিবার সকালে সাকিল ও তার স্ত্রী বাইজিদকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তার হাতের একটি আঙুল কেটে দেন বলে অভিযোগ করেন শিশুটির বাবা। পরে আহত বাইজিদকে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার খবর পেয়ে শিশুটির বাবা নাটোরে এসে বাসার ভেতরে রক্তাক্ত অবস্থার চিহ্ন দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ঘটনাস্থলে গিয়ে শিশুটির কেটে যাওয়া আঙুলের অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করেন।
ওসি মনসুর রহমান জানান, ঘটনার পর সাকিল ও তার স্ত্রী গা ঢাকা দেন। পরে তাদের দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।



















