রামেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৭ দালালের কারাদণ্ড
- আপডেট সময় : ০৬:০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

রামেকে রোগী ভাগিয়ে নেওয়ার অভিযোগে ৭ দালালের কারাদণ্ড
এম এম মামুনঃ
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রলুব্ধ করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালের বহির্বিভাগে অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব-৫-এর একটি দল।
র্যাব জানায়, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের বিভিন্নভাবে প্রলুব্ধ ও প্রতারণার মাধ্যমে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল আটক ব্যক্তিদের বিরুদ্ধে। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার নামে রোগী ও তাঁদের স্বজনদের কাছ থেকে অর্থ নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।
অভিযান শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
র্যাব-৫-এর মেজর কবির বলেন, রোগীদের প্রতারণার হাত থেকে রক্ষা এবং হাসপাতালকেন্দ্রিক দালাল চক্রের কার্যক্রম বন্ধ করতেই অভিযানটি পরিচালনা করা হয়েছে। রোগী ও স্বজনদের হয়রানি ও প্রতারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















