শিবগঞ্জে ছিনিয়ে নেওয়া ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার, দম্পতি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:৪২:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

শিবগঞ্জে ছিনিয়ে নেওয়া ১১ মাসের শিশু ৩৬ ঘণ্টায় উদ্ধার, দম্পতি গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাচাতো বোনের কাছ থেকে প্রকাশ্যে ছিনিয়ে নেওয়া ১১ মাস বয়সী শিশু নাফিজ হোসেনকে ৩৬ ঘণ্টার মধ্যে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক নিঃসন্তান দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরসংলগ্ন শিবতলা এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও ওই দম্পতিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের মো. মানিকুজ্জামান ও তার স্ত্রী সুজিআরা বেগম।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
পুলিশ সুপার জানান, সোমবার দুপুরে শিশু নাফিজকে নিয়ে স্থানীয় বাজারে যান তার চাচাতো বোন শিরিন খাতুন। এ সময় বোরকা পরিহিত সুজিআরা বেগম শিশুটিকে জোরপূর্বক নিয়ে চলে যান বলে অভিযোগ করা হয়। পরে শিশুটির বাবা রুবেল হোসেন শিবগঞ্জ থানায় মামলা করেন।
মামলার পর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করা হয়। পরে মঙ্গলবার রাতে শিবতলা এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং সুজিআরা ও তার স্বামী মানিকুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দম্পতিটি জানিয়েছে, তারা নিঃসন্তান হওয়ায় সন্তান লালন-পালনের আকাঙ্ক্ষা থেকে শিশুটিকে নিয়ে গিয়েছিল। শিশুটিকে বিক্রি বা অন্য কোনো অসৎ উদ্দেশ্য ছিল না বলেও তারা জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।



















