নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই
- আপডেট সময় : ০৬:০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় গাঁজার গাছসহ এক ব্যক্তি গ্রেপ্তার, পলাতক ভাই
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ কেজি ওজনের একটি গাঁজার গাছসহ আব্দুল্লাহেল শাফি (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তার ভাই ও মামলার এজাহারনামীয় আসামি হুমায়ুন কবির (৪৫) পলাতক রয়েছেন।
গ্রেপ্তার আব্দুল্লাহেল শাফি ও পলাতক হুমায়ুন কবির পরস্পর ভাই। তারা একই গ্রামের মো. আব্দুল গনি মন্ডলের ছেলে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নলডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহানের নেতৃত্বে ১০ নভেম্বর রাত সোয়া ৮টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের খোলাবাড়িয়া (দরগাপাড়া) গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, হুমায়ুন কবিরের ভোগদখলীয় জমিতে অবৈধভাবে গাঁজা চাষ করা হচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় আনুমানিক ৬ ফুট লম্বা ও প্রায় ১ কেজি ওজনের একটি তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল্লাহেল শাফিকে গ্রেপ্তার করা হয়।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আব্দুল্লাহেল শাফিকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহারনামীয় পলাতক আসামি হুমায়ুন কবিরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



















