নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩
- আপডেট সময় : ০৪:০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

নারী কণ্ঠে প্রতারণা, পরে প্রবাসীর বন্ধু সেজে টাকা দাবি; লালপুরে আটক ৩
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নারী কণ্ঠে কথা বলে প্রতারণার শুরু। এরপর ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি নিয়ন্ত্রণে নিয়ে প্রবাসীর বন্ধু সেজে পরিবারের সদস্যদের কাছে ফোন করে টাকা দাবি- এমন একটি প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে নাটোরের লালপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলো, মোহরকয়া (ভাঙ্গাপাড়া) গ্রামের সাজদার প্রামাণিকের ছেলে কাউসার আলী (২০), মিজানুর বিশুর ছেলে সোহাগ আলী (২৩) এবং টুটুল প্রামাণিকের ছেলে ইমন আলী (১৯)।
পুলিশ জানায়, চক্রটি প্রথমে নারী কণ্ঠে কথা বলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করত। পরে কৌশলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর আইডি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করত। আইডি নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রবাসীর বন্ধু বা পরিচিতজন সেজে তার স্ত্রী, ভাইসহ পরিবারের সদস্যদের ফোন করা হতো।
ফোন করে বলা হতো, আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, ১ লাখ ২০ হাজার টাকা দিয়ে আকামার মেয়াদ বাড়িয়ে নিতে হবে। এভাবে প্রবাসীর পরিবারের সদস্যদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হতো বলে পুলিশের ভাষ্য।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, এসআই (নিঃ) মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মোহরকয়া ভাঙ্গাপাড়ায় কাউসার আলীর বসতঘরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি জানান, আটক তিনজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। আটকদের শুক্রবার (১১ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।



















