পুঠিয়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ
- আপডেট সময় : ১১:৫৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

পুঠিয়ায় ব্যবসায়ীর গোডাউন থেকে ৩২০ বস্তা সার জব্দ
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে সার মজুতের অভিযোগে এক ব্যবসায়ীর দোকান ও গোডাউনে অভিযান চালিয়ে ৩২০ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান ও উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের নেতৃত্বে যৌথভাবে এ অভিযান চালানো হয়। অভিযানে বালাইনাশক বিক্রেতা মো. সাইদুল রহমানের দোকান ও গোডাউনে তল্লাশি চালিয়ে টিএসপি, ডিএপি ও ইউরিয়া সার মিলিয়ে মোট ৩২০ বস্তা সার জব্দ করা হয়।
সাইদুল রহমান (৩৮) রাজশাহীর দুর্গাপুর থানার আড়ইল পূর্বপাড়া গ্রামের মৃত ফছির উদ্দীনের ছেলে। প্রশাসনের ভাষ্য, অভিযানের খবর পেয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
জব্দ করা সার বর্তমানে পুঠিয়া উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। অবৈধভাবে সার মজুতের অভিযোগে সাইদুল রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে আরও জানা যায়, সার মজুত ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়মিত নজরদারি চালানো হচ্ছে। সার নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।























