নাটোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
- আপডেট সময় : ১১:৩৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২ ২৫৮ বার পড়া হয়েছে

নাটোরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নাটোর প্রতিনিধি
নাটোরে প্রায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা সহ নায়েব আলী নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার গোয়ালদিঘী কৃষ্ণপুর (ডাল সড়ক) এলাকা থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃত নায়েব আলী কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভূমি গ্রামের ফুল মিয়ার ছেলে।
র্যাব ৫, সিপিসি ২ নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গোয়ালদিঘী কৃষ্ণপুর (ডাল সড়ক) এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি বাড়ি থেকে ১৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদকদ্রব্য (গাঁজা) রাখার অভিযোগে নায়েব আলীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নায়েব আলী স্বীকার করে যে, কুমিল্লা জেলা সীমান্তবর্তী এলাকা থেকে ওই গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের জন্য সে নিজের কাছে মজুদ করেছিল। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আটক নায়েব আলীকে থানায় সোপর্দ করা হয়েছে।






















