শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক
- আপডেট সময় : ০৯:১৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

শেরপুর সীমান্তে ১৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকস আটক
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক করা কসমেটিকসের আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ২ হাজার ৭৮০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর আওতাধীন শেরপুরের শ্রীবরদী উপজেলার পাঁচমেঘাদল এলাকায় চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় কসমেটিকস পাচারের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৪ আগস্ট) অভিযান পরিচালনা করে বিজিবির একটি টহল দল।
অভিযানকালে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস আটক করতে সক্ষম হন। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা হয়েছে কি না, তা বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি।
বিজিবি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে।
সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।


















