পঞ্চগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
- আপডেট সময় : ০৯:১৩:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেওয়ার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার
পঞ্চগড়ে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগে পৌর যুবদলের সাবেক সদস্য দিপু ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
শনিবার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্যকাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে পঞ্চগড় পৌর যুবদলের সাবেক সদস্য দিপু ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল নেবে না। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টাস্কফোর্স জেলা শহরের হাজী মার্কেটের একটি পরিত্যক্ত দোকানে অভিযান চালায়। এ সময় মাদক সেবনের অভিযোগে চারজনকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, আটক ব্যক্তিদের নিয়ে যাওয়ার সময় ২০ থেকে ২৫ জনের একটি দল অতর্কিত হামলা চালিয়ে চার আসামিকে ছিনিয়ে নেয়। হামলাকারীদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে টাস্কফোর্সের চার সদস্য আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পুনরায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে দিপু ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




















