রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-২
- আপডেট সময় : ০৩:২৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৩৩৯ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত-২
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তপন রায় (২৪) নামে এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। এ সময় আব্দুল আলীম (২২) ও শ্রী ফুল (২৫) নামের আরও দুইজন আহত হন। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাড়িয়া নামক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত তপন রায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের তেঘোরিয়া গ্রামের রনজিৎ রায়ের ছেলে। আহত শ্রী ফুল একই উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের জুলস রায়ের ছেলে ও পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন এবং আহত আব্দুল আলীম পাশ্ববর্তী হরিপুর উপজেলার পতনডুবা গ্রামের আব্দুস সামদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে যানা যায়, শুক্রবার তপন রায় এবং শ্রী ফুল একটি মোটরসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন পথে বেলা সাড়ে ১১টার দিকে হাড়িয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা আব্দুল আলীমের মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা তিনজনই গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তপনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এবং আহত অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ আরশেদুল হক জানান, দুটি মোটরসাইকেলে একজনের মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। ওসি আরো জানান, এই ঘটনায় কারও কোনো অভিযোগ না থাকায় নিহত ব্যক্তির লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।




















