চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২
- আপডেট সময় : ০৯:০৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
Two passengers of an auto-van killed, 2 injured after being run over by a sand-laden truck in Chatmohar

চাটমোহরে বালুবাহী ট্রাকের চাপায় অটোভ্যানের দুই যাত্রী নিহত, আহত ২
পাবনার চাটমোহরে বালুবাহী ট্রাকের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুইজন নিহত ও দুজন আহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।
এ ঘটনায় আহত হয়েছেন নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) ও আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চাটমোহর রেলবাজারের (অমৃতকুণ্ডা) হাটে যাওয়ার জন্য কৃষিপণ্য বোঝাই অটোভ্যানে করে রওনা হন নজরুল ইসলামসহ কয়েকজন। পথে ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে অটোভ্যানটির শ্যাফট ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. অলিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















