পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি
- আপডেট সময় : ০৯:৫১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে আগুন, দগ্ধ নারী; পুড়ে ছাই বসতবাড়ি
রাজশাহীর পুঠিয়ায় রান্নাঘরের চুলা থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে এক নারীর বসতবাড়ি। অগ্নিকাণ্ডে আসবাবপত্র ও রান্নাঘরসহ দুটি কক্ষবিশিষ্ট আধাপাকা ঘরটি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক জহুরা বেগম দগ্ধ হয়ে আহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে উপজেলার হাতিনাদা পশ্চিমপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জহুরা বেগমের বসতবাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘরের দুটি কক্ষ, আসবাবপত্র ও রান্নাঘরে। আগুন নেভানোর চেষ্টা করেও ঘরের অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। এ সময় জহুরা বেগম আগুনে দগ্ধ হয়ে আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় বসতবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।






















