পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ
- আপডেট সময় : ১১:০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

পুঠিয়ায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ
রাজশাহীর পুঠিয়ায় পল্লী সড়ক রক্ষণাবেক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের (আরআরএমইপি) আওতায় লটারির মাধ্যমে অস্থায়ী নারী কর্মী নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ নিয়োগের মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসচ্ছল ও পিছিয়ে পড়া নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পুঠিয়া উপজেলা কার্যালয়ের উদ্যোগে এ নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইউনিয়নভিত্তিক এ নিয়োগের জন্য সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা নারীদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। আবেদনকারী নারীদের উপস্থিতিতে লটারির মাধ্যমে কর্মী নির্বাচন করা হয়।
নিয়োগের ক্ষেত্রে শারীরিকভাবে সক্ষম ২৫ থেকে ৪৫ বছর বয়সী বিধবা, তালাকপ্রাপ্ত, স্বামী পরিত্যক্তা এবং পরিবারপ্রধান দুঃস্থ নারীদের বিবেচনায় নেওয়া হয়।
প্রকল্পটির মূল লক্ষ্য গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া ও আর্থিকভাবে অসচ্ছল নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন করা।
নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ৬ নম্বর জিউপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ২০১৮ সালে শিলমাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু হায়াত মোহা. আসাদুজ্জামান, পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক (আসাদ), উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, পুঠিয়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুল ইসলাম এবং উপজেলা কৃষক দলের সভাপতি রিপন রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনের নেতৃত্বে আবেদনকারী নারীদের উপস্থিতিতে লটারি অনুষ্ঠিত হয়। আয়োজকদের দাবি, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে।






















