পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন
- আপডেট সময় : ১০:১৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন, সনদ পেলেন ২৫ জন
দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে দক্ষ উদ্যোক্তা গড়ে তুলতে পঞ্চগড়ে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। ১০০ ঘণ্টার এ প্রশিক্ষণ শেষে ২৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ইকো মহানন্দা কটেজে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (এসআইসিআইপি) কর্মসূচির আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এ প্রশিক্ষণের আয়োজন করে যমুনা ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মাসুম বিল্লাহ ও আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী জোনের প্রধান মুহাম্মদ ফজলুল হক, ব্যাংকটির হেড অব এসএমই ডিভিশন (মার্কেটিং ইউনিট) নসরুল হাদি মোহাম্মদ নুসরত এবং পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রাশেদ মামুনসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রশিক্ষণ দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি প্রশিক্ষণার্থীদের সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের নিয়ে ৮০তম রোডশোর অংশ হিসেবে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরের জিরো পয়েন্টে ফটোসেশন করা হয়। এর মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।






















