বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
- আপডেট সময় : ০৯:০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বোদা সীমান্তে ৬ হাজার ৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ২
পঞ্চগড়ের বোদা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পঞ্চগড়ের বোদা উপজেলার চটিপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের পরিকল্পনায় বড়শী বিওপির একটি নিয়মিত টহল দল হাবিলদার মো. মনিমুর রহমানের নেতৃত্বে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৭৭৬/এমপি থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চটিপাড়া এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, বোদা উপজেলার নুরপাড়া এলাকার মো. আব্দুস সাত্তারের ছেলে মো. রাশেদ (২৬) এবং একই এলাকার ১৭ বছর বয়সী এক কিশোর।
বিজিবি জানায়, তল্লাশির সময় আটক ব্যক্তিদের কোমরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় এবং মোটরসাইকেলের বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখা ৬ হাজার ৪০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া একটি পুরোনো পালসার মোটরসাইকেল, একটি ভিভো মোবাইল ফোন, একটি ম্যাক্সিমাম বাটন মোবাইল ফোন এবং দুটি গ্রামীণ সিমকার্ড জব্দ করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্যসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান জোরদার করা হয়েছে। মাদক পাচারের অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে।
তিনি আরও জানান, দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নীলফামারী ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।






















