পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
- আপডেট সময় : ০৮:০২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর; বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায়নি দলটি
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি লাল ফিতা দিয়ে ঘিরে রাখে। নিরাপত্তার জন্য সেখানে পুলিশ সদস্যদের পাহারায় রাখা হয়েছে।
বস্তুটি পাওয়ার খবর ছড়িয়ে পড়লে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বস্তুটি দেখতে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে। এ ঘটনায় জেলা শহরের স্বাভাবিক জনসমাগমও কিছুটা কমে যায় বলে জানা গেছে।
প্রশাসন জানিয়েছে, বস্তুটি আসলেই বোমা কি না, তা নিশ্চিত হতে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। তবে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দলটি ঘটনাস্থলে পৌঁছায়নি।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান বলেন, সকাল ৮টার পর ডিউটি অফিসারের কাছে খবর আসে, জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্পডেস্কের পাশে লাল রঙের বোমা সদৃশ একটি বস্তু দেখা গেছে। খবর পাওয়ার পরপরই টহল দলের পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। তারা সেখানে অবস্থান করছেন। বোমা নিষ্ক্রিয়করণ দল এসে বস্তুটি শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, সেখানে টিফিন বক্সের আকারের একটি বস্তু পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হয়েছে। পুলিশও অবগত রয়েছে। ইতোমধ্যে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানাতে পারবেন।





















