নাটোরে চালবোঝাই ট্রাক খাদে পড়ে হেলপার নিহত, চালক গুরুতর আহত
- আপডেট সময় : ০৭:২১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে

নাটোরে চালবোঝাই ট্রাক খাদে পড়ে হেলপার নিহত, চালক গুরুতর আহত
সেতুর রেলিং ভেঙে পানিতে পড়ে ট্রাক, আহত চালককে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে
নাটোরে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়ে রিপন হোসেন (৩০) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক মাসুদ রানা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া ইউনিয়নের হাগুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন হোসেন পাবনার হেমায়েতপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ জাফর ইকবাল স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে চালবোঝাই একটি ট্রাক পাবনার দিকে যাচ্ছিল। পথে হাগুড়িয়া এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সেতুর রেলিং ভেঙে নিচের পানিভর্তি খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকের হেলপার রিপন হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন চালক মাসুদ রানা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
আহত চালককে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।





















