লালপুরে পুকুরে ডুবে ২০ মাসের শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৯:০২:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

লালপুরে পুকুরে ডুবে ২০ মাসের শিশুর মৃত্যু
নিখোঁজের পর ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন
নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে নূর ইসলাম নামে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওসারা সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার বিকেল ৩টার দিকে বাড়ির ভেতরে খেলাধুলা করছিল নূর ইসলাম। খেলাধুলার একপর্যায়ে সে বাড়ির বাইরে চলে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির দক্ষিণ পাশে থাকা একটি পুকুরে শিশুটি পড়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ হয়। পরে লালপুর ফায়ার সার্ভিসে খবর দেয় এবং স্থানীয়দের সহযোগিতায় ওই পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পুকুরে তল্লাশি শুরু করেন। পরে খোঁজাখুঁজি একপর্যায়ে বিকেল ৫টার দিকে পুকুরের পানির নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে তারা।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে শিশুর মরদেহটির সুরাতহাল প্রতিবেদন তৈরি করে। ওসি আরও জানান, নিহত শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় লালপুর থানায় ১৬ নভেম্বর একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। মামলা নম্বর ৭৪।





















