বাগাতিপাড়ায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র্যালি
- আপডেট সময় : ০৫:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সাইকেল র্যালি
কিশোর-কিশোরীদের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি, বিকেলে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ
‘বাল্যবিয়ের বিরুদ্ধে, রুখে দাঁড়াও একসাথে’-এই স্লোগানকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার তমালতলা বাজার থেকে র্যালিটি শুরু হয়। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিজেরা করি সংগঠনের বাগাতিপাড়া কার্যালয়ে গিয়ে শেষ হয়।
কিশোর-কিশোরীদের উদ্যোগে আয়োজিত এ র্যালি থেকে বাল্যবিয়ে ও যৌন হয়রানির বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়। পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ, কিশোর-কিশোরীদের নিরাপদ বেড়ে ওঠা এবং তাদের অধিকার সুরক্ষায় সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসার বার্তা দেওয়া হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক আইভি রহমান, উপজেলা ক্রীড়া সেক্রেটারি মোস্তাফিজুর রহমান শফিক, ভূমিহীন সংগঠনের আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিন ও ইসমাইল হোসেন, আঞ্চলিক কমিটির সদস্য পারভীন বেগম এবং নিজেরা করি সংগঠনের অঞ্চল সমন্বয়কারী জাহাঙ্গীর আলম।
কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে ভূমিহীন সংগঠন ও নিজেরা করি, বাগাতিপাড়া, নাটোর।
আয়োজকেরা জানান, একই কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় বাগাতিপাড়া পাইলট সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে রোকেয়া ফুটবল একাদশ ও প্রীতিলতা ফুটবল একাদশের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।





















