রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশসহ আহত ৬
- আপডেট সময় : ০৭:৪৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে গ্রাম পুলিশসহ আহত ৬
তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ; দুই পক্ষেরই আহত হওয়ার দাবি
নওগাঁর রাণীনগরে পারিবারিক দ্বন্দ্ব থামাতে গিয়ে মারধরের ঘটনায় গ্রাম পুলিশসহ ছয়জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার রাতোয়াল ইউনিয়নের রাখালগাছিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে চারজনকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত গ্রাম পুলিশ রিপন হোসেন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে রাণীনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
গ্রাম পুলিশ রিপন হোসেনের ভাষ্য, তার চাচাতো ভাই রফিকুল ইসলামের ছেলে রনি ইসলাম (৪০) সৌদি আরবে থাকা অবস্থায় প্রায় তিন থেকে চার মাস আগে স্ত্রীকে তালাক দেন। তবে রনি সৌদি আরবে যাওয়ার সময় তার স্ত্রী বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা ধার নিয়েছিলেন, যা ফেরত না পাওয়ায় তিনি বাড়ি ছেড়ে যাননি।
রিপন জানান, সোমবার রাতে সৌদি আরব থেকে বাড়ি ফিরে রনি তালাকপ্রাপ্ত স্ত্রীকে বাড়ি থেকে চলে যেতে বলেন। এ নিয়ে মঙ্গলবার সকালে আবারও দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে রিপনের মা বিরোধ থামাতে গেলে তাকে মারধর করা হয়। পরে রিপনের বাবা ও তিনি এগিয়ে গেলে তাদেরও মারধর করা হয়। এতে রিপন, তার মা ও বাবা আহত হন। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে রনি ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নানা অসংগতির কারণে সৌদি আরবে থাকা অবস্থায় প্রায় চার মাস আগে তিনি স্ত্রীকে তালাক দেন। কিন্তু রিপন ও তার বাবা-মায়ের কারণে তালাকের পরও তার স্ত্রী বাড়ি ছাড়েননি। সোমবার রাতে দেশে ফিরে স্ত্রীকে বাড়ি থেকে চলে যেতে বলেন। মঙ্গলবার সকালে এ নিয়ে কথা বলতে গেলে গ্রাম পুলিশ রিপন ও তার বাবা-মা তাদের ওপর হামলা চালান।
রনির দাবি, এ ঘটনায় তিনি, তার মা ও ভাই আহত হয়েছেন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মাথায় কয়েকটি সেলাই পড়েছে। তার মায়ের মাথায়ও সেলাই দিতে হয়েছে বলে তিনি জানান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, রাতোয়াল গ্রামে মারামারির ঘটনায় গ্রাম পুলিশ রিপন বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





















