কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ‘ইমন’ গ্রেপ্তার
- আপডেট সময় : ১১:১৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় বাসার সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত ‘ইমন’ গ্রেপ্তার
সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাটিকাবাড়ি থেকে গ্রেপ্তার; উত্ত্যক্তের প্রতিবাদ করায় হামলার অভিযোগ পরিবারের
কুষ্টিয়ায় নিজ বাসার সামনে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোর ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছিল পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের ক্রিসেন্ট ক্লাবের গলিতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী জাকিয়া সুলতানা (১৬) কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষা শেষে বাসায় ফিরে ভবনের গেটের সামনে দাঁড়িয়ে কলিংবেল বাজিয়ে দরজা খোলার অপেক্ষা করছিল জাকিয়া। এ সময় পেছন থেকে এসে এক কিশোর ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তার ক্ষতস্থানে সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, চিকিৎসার পর তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং সে আশঙ্কামুক্ত।
ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে হামলার দৃশ্য ধরা পড়ে। ফুটেজ পর্যালোচনা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালায়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্ত ইমন দীর্ঘদিন ধরে জাকিয়াকে উত্ত্যক্ত করে আসছিল। একই কোচিং সেন্টারে পড়ার সময় থেকে তাকে বিরক্ত করা হতো। বিষয়টি অভিযুক্তের অভিভাবকদেরও জানানো হয়েছিল বলে পরিবারের দাবি। উত্ত্যক্তের প্রতিবাদ করার জেরেই জাকিয়ার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। তবে হামলার কারণ ও ঘটনার পেছনের বিষয়গুলো তদন্ত করে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার জানান, ঘটনার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছিল। আহত শিক্ষার্থীর বক্তব্য গ্রহণসহ ঘটনার নেপথ্যের কারণ অনুসন্ধান করা হবে।
এদিকে এ ঘটনার পর কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালায় জেলা পুলিশ। সোমবার সন্ধ্যার পর শহরের পুকুরপাড় ও জেলা পরিষদের রবীন্দ্র-লালন উদ্যান পার্কসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ১৪ জনকে আটক করা হয়। তাদের পরিচয় ও অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নিজ বাসার সামনে একজন শিক্ষার্থীর ওপর এমন হামলার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন ব্যক্তিরা।





















