পঞ্চগড়ে জাতিসংঘের আদলে দুই দিনব্যাপী ছায়া সম্মেলন
- আপডেট সময় : ১১:৫২:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে জাতিসংঘের আদলে দুই দিনব্যাপী ছায়া সম্মেলন
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে জাতিসংঘের আদলে দুই দিনব্যাপী ছায়া সম্মেলন (মডেল ইউনাইটেড ন্যাশনস) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটিউট মাঠে ব্যতিক্রমী এ আয়োজনের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির।
পঞ্চগড় পাইওনিয়ার্সের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীরা বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধির ভূমিকায় অংশ নিয়ে আন্তর্জাতিক সংকট, কূটনৈতিক নেগোশিয়েশন, জোট গঠন, প্রস্তাব প্রণয়ন ও ভোটাভুটিতে অংশ নেন।
সম্মেলনের জেনারেল অ্যাসেম্বলি পর্বে শরণার্থী সংকট, মানবাধিকার ও নিরাপদ আশ্রয় বিষয়ে প্রস্তাব উপস্থাপন এবং যুক্তি-তর্কে অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকায় থাকা শিক্ষার্থীরা।
আয়োজকরা জানান, মূল সম্মেলনের আগে অংশগ্রহণকারীদের প্রস্তুত করতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় অনলাইন ও অফলাইন কর্মশালার আয়োজন করা হয়। এসব কর্মশালায় জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, বিতর্ক, পাবলিক স্পিকিং, ক্রিটিক্যাল থিংকিং ও নেতৃত্ব বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। পরে সেখান থেকে চূড়ান্ত অংশগ্রহণকারীদের বাছাই করা হয়।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক বিষয়াবলি ও কূটনীতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি পাবলিক স্পিকিং, নেগোশিয়েশন, ক্রিটিক্যাল থিংকিং, নেতৃত্ব ও যোগাযোগ দক্ষতা বিকাশের সুযোগ পাচ্ছেন।
পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির বলেন, পঞ্চগড়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক বিষয়াবলি ও কূটনীতির সঙ্গে পরিচিত করার পাশাপাশি তাদের বিভিন্ন দক্ষতা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


















