পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ১০:১৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে শিক্ষার্থী ধ/র্ষ/ণ ও মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
মোঃ কামরুল ইসলাম কামু, বিশেষ প্রতিনিধি, পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের পর বিষপানে মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পঞ্চগড় সদর উপজেলার শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর সঙ্গে এমন ঘটনা অত্যন্ত মর্মান্তিক। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত এবং শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, মৌলভি শিক্ষক আব্দুল সাত্তার, অমরখানা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মায়েদ সরকার মুকুট, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরুসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত কিশোরী শালমারা ভিতরগড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত ১০ সেপ্টেম্বর রাতে তাকে কৌশলে অপহরণ করে একটি বাড়িতে নিয়ে যাওয়ার পর ধর্ষণ করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়েছে, পরে আসামিদের হুমকি ও মানসিক চাপে ওই শিক্ষার্থী বিষপান করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় এলাকার ঝেচুপাড়া গ্রামে সোহেল (২৫) ও রফিকুল ইসলাম ওরফে বাঘা মন্টু (২৩) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধনে বক্তারা বলেন, শুধু অভিযুক্তদের গ্রেপ্তার করলেই হবে না, তদন্তে ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী এমন ঘটনার শিকার না হয়, সে জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তারা।























