রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:২৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে নারীসহ দুইজনকে মাদক মামলায় কারাদণ্ড
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে এক নারীকে মাদক ব্যবসার অভিযোগে এবং এক ব্যক্তিকে মাদক সেবনের অভিযোগে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাণীশংকৈল থানা পুলিশ সহযোগিতা করে।
অভিযানকালে মোছা. আয়েশা আক্তারের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯ পিস ট্যাপেন্টাডল, ১০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সময় মো. সোহাগ আলী (২৫) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায় বলে জানানো হয়েছে।
পরে ভ্রাম্যমাণ আদালত মোছা. আয়েশা আক্তারকে তিন মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মো. সোহাগ আলীকে ১৫ দিনের কারাদণ্ড দেন।
উপজেলা প্রশাসন জানায়, একটি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ও রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়ে উপজেলা প্রশাসন বলেছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হবে।



















