কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:২৫:২৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬৯ বার পড়া হয়েছে

কটিয়াদীতে টুপির ভেতর ইয়াবা, মুদি দোকানি গ্রেপ্তার
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে মুদি দোকানের আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে হক মিয়া (৫০) নামে এক দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার মাথার টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধারের দাবি করেছে পুলিশ।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা খন্দকার বাড়ি জামে মসজিদসংলগ্ন হক মিয়ার মুদি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হক মিয়া বনগ্রাম ইউনিয়নের নদনা গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হক মিয়া দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে মাদক বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি দোকানে বসেই কৌশলে ইয়াবা বিক্রি করছেন। পরে রাতে সেখানে অভিযান চালানো হয়।
অভিযানের সময় হক মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার মাথায় থাকা টুপির ভেতর থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, হক মিয়ার মুদি দোকানটি মাদক ব্যবসার আড়াল হিসেবে ব্যবহৃত হতো বলে পুলিশের কাছে তথ্য ছিল। তিনি কৌশলে টুপির ভেতর ইয়াবা রেখে বিক্রি করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় হক মিয়ার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।























