পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
- আপডেট সময় : ০৫:১৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ধান উৎপাদনে নতুন সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) পঞ্চগড় স্যাটেলাইট স্টেশন। এরই ধারাবাহিকতায় পঞ্চগড়ে ব্রির এলএসটিডি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রযুক্তি গ্রাম ও কৃষক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের ঘাটিয়ার পাড়া গ্রামে আধুনিক ধান উৎপাদন প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং কৃষকের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
এলএসটিডি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার উপসচিব মো. মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-৩ শাখার গবেষণা অনুসন্ধানী মোহাম্মদ শফিকুল আলম, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন এবং ব্রি স্যাটেলাইট স্টেশন, পঞ্চগড়ের বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান মো. মাসুদ রানা।
প্রতিনিধি দলের সদস্যরা প্রযুক্তি গ্রামের বিভিন্ন কার্যক্রম, চলমান গবেষণা ও প্রদর্শনী এবং মাঠপর্যায়ে গবেষণালব্ধ আধুনিক ধান উৎপাদন প্রযুক্তির ব্যবহার সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় প্রযুক্তি গ্রামের কার্যক্রম, কৃষকদের অংশগ্রহণ এবং মাঠে প্রযুক্তি প্রয়োগের বাস্তব চিত্র সম্পর্কে তাঁরা অবহিত হন।
পরিদর্শনকালে ব্রি স্যাটেলাইট স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রতিনিধি দলের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে পঞ্চগড় অঞ্চলের কৃষির সম্ভাবনা, ধান উৎপাদনের বিদ্যমান সমস্যা ও সম্ভাব্য সমাধান, স্থানীয় কৃষি-জলবায়ু ও মাটির বৈশিষ্ট্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ধানের জাত নির্বাচন এবং আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।
পরে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে আয়োজিত কৃষক প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা। প্রশিক্ষণে ধানের উন্নত জাত নির্বাচন, চারা উৎপাদন, সঠিক সময়ে রোপণ, সুষম সার ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধির বিভিন্ন আধুনিক কৌশল সম্পর্কে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এ সময় অতিথিরা কৃষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং ধান চাষে তাঁদের অভিজ্ঞতা, সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা শোনেন। কৃষকরা উৎপাদন ব্যয়, সেচ ও পানি ব্যবস্থাপনা, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্রি স্যাটেলাইট স্টেশনের কর্মকর্তা-কর্মচারী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং প্রযুক্তি গ্রামের কৃষকরা উপস্থিত ছিলেন।























