পঞ্চগড়ে প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওর সঙ্গে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ তরুণীর
- আপডেট সময় : ০৯:৪৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীকে ঘিরে ভাইরাল ভিডিওর সঙ্গে ছবি জুড়ে অপপ্রচারের অভিযোগ তরুণীর
মোঃ কামরুল ইসলাম কামু বিশেষ প্রতিনিধিঃ
পঞ্চগড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি যুক্ত করে মিথ্যা তথ্য প্রচার ও চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তরুণী রাহেমীন মারিয়া এলিন।
শুক্রবার বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে রাহেমীন মারিয়া এলিন জানান, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের বিএসএস শেষ বর্ষের শিক্ষার্থী। পারিবারিক পরিচয়ের কারণে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মারিয়া সরকার’ নামে পরিচিত। তিনি মুসলিম এবং পঞ্চগড়ের স্থায়ী বাসিন্দা।
তিনি দাবি করেন, কয়েক মাস আগে একটি সামাজিক সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনার সময় তৎকালীন নির্বাচনের প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সঙ্গে একটি রেস্টুরেন্টে একটি ছবি তুলেছিলেন। সম্প্রতি প্রতিমন্ত্রীকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর সঙ্গে সেই পুরোনো ছবিটি যুক্ত করে বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।
এলিন বলেন, ভাইরাল ভিডিওতে থাকা নারী তিনি নন। তবুও তাঁর ছবি ব্যবহার করে ভিন্ন পরিচয়ে উপস্থাপন করা হচ্ছে, যা তাঁর ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
তিনি আরও বলেন, উপস্থাপনার কাজের সূত্রে বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় ও ছবি রয়েছে। তবে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। কয়েক দিন আগে ব্যক্তিগতভাবে একটি পুরোনো ছবি ফেসবুকে প্রকাশ করলেও পরে রাজনৈতিকভাবে ভুল ব্যাখ্যা হতে পারে ভেবে সেটি মুছে ফেলেন। তাঁর অভিযোগ, কেউ সেই ছবি সংরক্ষণ করে পরে অপপ্রচারের উদ্দেশ্যে ব্যবহার করেছে।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, তাঁকে পরিকল্পিতভাবে হিন্দু তরুণী হিসেবে পরিচয় দিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তাঁর ভাষ্য, বাবা-মা দুজনই মারা গেছেন এবং অনেক কষ্ট করে লেখাপড়া ও নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন। কিন্তু এ ধরনের অপপ্রচারের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং সামাজিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
ভাইরাল ভিডিও প্রসঙ্গে এলিন বলেন, ভিডিওটির সত্যতা সম্পর্কে তিনি নিশ্চিত নন। তাঁর ধারণা, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি হতে পারে অথবা অন্য কোনো ঘটনার ভিডিওও হতে পারে।
তিনি অভিযোগ করেন, গত বছরের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন সময় তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে এবং বিভিন্ন ব্যক্তির সঙ্গে তাঁর নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সম্মানহানির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।









