গোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসচালক গুরুতর আহত
- আপডেট সময় : ০৭:২৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

গোদাগাড়ীতে বাস-ভুটভুটি সংঘর্ষে চালক নিহত, বাসচালক গুরুতর আহত
রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন (৩৫) নামে এক ভুটভুটি চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আর আর পরিবহনের বাসচালক সুজন আলী (৪০) গুরুতর আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সিএনবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাপইট্টাটলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে। আহত বাসচালক সুজন আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জগামী আর আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস ও ভুটভুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে দুই চালকই নিজ নিজ গাড়ির ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রকিবুজ্জামান সরকারের নেতৃত্বে উদ্ধারকর্মীরা হাইড্রোলিক কাটারসহ আধুনিক উদ্ধার সরঞ্জাম ব্যবহার করে গাড়ির লোহা কেটে ভুটভুটি চালকের মরদেহ এবং গুরুতর আহত বাসচালককে উদ্ধার করেন। পরে আহত চালককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি জব্দ করেছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



















