রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
- আপডেট সময় : ১০:৪৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৯, চিকিৎসাধীন ১৫৩; মোট মৃত্যু বেড়ে ৪৯
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১১ জন। বর্তমানে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৫৩ জন রোগী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত রামেকের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ৫৫৯ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জনে।
ডা. শংকর কে বিশ্বাস বলেন, “হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমলেও ঝুঁকি এখনও কাটেনি। সময়মতো টিকাদান নিশ্চিত না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।” তিনি অভিভাবকদের শিশুদের নিয়মিত টিকা প্রদান এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।




















