রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৯:৩৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ১২২ বার পড়া হয়েছে

রাজশাহী মেডিকেলে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৭, বর্তমানে চিকিৎসাধীন ১৩২ জন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৭ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন। আর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরও চারজন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হামের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। এর মধ্যে ১২ জন আইসিইউতে চিকিৎসা নিচ্ছে।
এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ৪৭৯ জন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের মধ্যে হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।




















