নলডাঙ্গায় প্রবাসীর উদ্যোগে ৬০০ কম্বল বিতরণ
- আপডেট সময় : ০৩:৩৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬ ২১৩ বার পড়া হয়েছে

নলডাঙ্গায় প্রবাসীর উদ্যোগে ৬০০ কম্বল বিতরণ
চার দিনব্যাপী কর্মসূচিতে শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন প্রবাসী জহুরুল ইসলাম
নাটোরের নলডাঙ্গা উপজেলায় প্রবাসী জহুরুল ইসলামের উদ্যোগে মাদ্রাসার হেফজ শিক্ষার্থীসহ শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে চার দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় মোট ৬০০টি কম্বল বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘুড়িয়া ইউনিয়নের বামনগ্রাম মোল্লাপাড়া এলাকায় প্রবাসী জহুরুল ইসলামের নিজ বাড়িতে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রবাসী জহুরুল ইসলাম বলেন, “আমি বিগত দিনেও সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। দীর্ঘ ৩২ বছর ধরে প্রবাসে থেকে প্রায় ১ হাজার ৫০০ বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। আমি বিএনপির একজন ক্ষুদ্র সমর্থক। বিগত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের লোকজন নানা ভাবে আমাকে মামলা, হামলা ও নির্যাতনের শিকার করেছে। এমনকি চাঁদা আদায় ও নির্যাতনের কারণে আমার বাবার মৃত্যু হয়েছে।”
তিনি আরও বলেন, “প্রতিবছরের মতো এবারও আমার মৃত মা-বাবার রুহের মাগফেরাত কামনায় ছিন্নমূল মানুষ ও এতিম শিশুদের শীত নিবারণের জন্য কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছি। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই এই মানবিক কর্মসূচি।”
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকেও জহুরুল ইসলাম এলাকার মানুষের খোঁজখবর রাখেন। তিনি প্রায় ১ হাজার ৫০০ বেকার যুবকের কর্মসংস্থানে ভূমিকা রেখেছেন এবং দীর্ঘদিন ধরে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছেন। অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার অবদান প্রশংসনীয়।




















