বাগাতিপাড়ায় মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি, ক্ষতি প্রায় ১৪ লাখ টাকা
- আপডেট সময় : ০৩:১৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ৬৯৩ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরি, ক্ষতি প্রায় ১৪ লাখ টাকা
ক্যান্টনমেন্ট মার্কেটে সংঘবদ্ধ চক্রের হানা, সিসিটিভিতে ধরা পড়েছে চুরির দৃশ্য
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি মোবাইল ফোনের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্ট মার্কেটে অবস্থিত এস.এ টেলিকম (প্রোঃ নুরুল ইসলাম) নামের একটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক নুরুল ইসলাম জানান, তিনি তার ছেলে শাকিল আহমেদ ও ভাগিনা বাপ্পিকে নিয়ে দোকানটি পরিচালনা করেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে তার ভাগিনা দোকানে এসে দেখতে পান, শাটারে আগের তালার পরিবর্তে অন্য একটি তালা লাগানো রয়েছে। পরে পাশের শাটার খুলে ভেতরে ঢুকে দোকানের তাকে রাখা বিভিন্ন ব্র্যান্ডের প্রায় ৬০টি দামি স্মার্টফোন চুরি হয়েছে বলে জানতে পারেন। তবে বাটন ফোনগুলো অক্ষত ছিল।
এছাড়াও দোকানের ক্যাশে রাখা প্রায় এক লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চক্রটি। সবমিলিয়ে প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক।
তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৭টা ৫৫ মিনিটের দিকে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ চক্র তালা খুলে দোকানের ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়। দোকানটি সেনাবাহিনী পরিচালিত মার্কেটের ভেতরে হওয়ায় বিষয়টি তিনি সেনাবাহিনী কর্তৃপক্ষকে অবহিত করেছেন। পাশাপাশি বাগাতিপাড়া মডেল থানাতেও বিষয়টি জানানো হয়েছে।
দয়ারামপুর বাজার বণিক সমিতির সহ-সভাপতি আনসার আলী মণ্ডল জানান, সকাল ১০টার দিকে তিনি বিষয়টি জানতে পারেন। দোকানের পশ্চিম পাশে তার একটি ওষুধের দোকান রয়েছে। তিনি ঘটনাস্থলে এসে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে চোরদের মুখ স্পষ্ট দেখা গেলেও কাউকে শনাক্ত করতে পারেননি বলে জানান তিনি। একই সঙ্গে দ্রুত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় ভুক্তোভোগীদের কাছে থেকে এদিন রাত ৯টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
























