পবায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাবির শিক্ষক, গুরুতর আহত আরেক শিক্ষক
- আপডেট সময় : ১১:৫৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে

পবায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাবির শিক্ষক, গুরুতর আহত আরেক শিক্ষক
রাজশাহীর পবায় সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁর সঙ্গে থাকা আরও এক শিক্ষক।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায়। গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান।
জানা গেছে, সকালে মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হন তারা দুজন। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। স্থানীয়রা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে উদ্ধারকর্মীরা দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক শিব শংকর রায়কে মৃত ঘোষণা করেন।
রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান তাঁর ফেসবুক পোস্টে লেখেন, “অসীমে ভালো থাকবেন স্যার। সড়ক দুর্ঘটনায় আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি। অপরজন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান বাদশা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।”
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “নওগাঁর দিকে যাচ্ছিলেন তারা। নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। একজন শিক্ষক নিহত হয়েছেন এবং অন্যজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।”
অধ্যাপক ড. শিব শংকর রায়ের মৃত্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।




















