১৫ মে থেকে বাজারে আসছে নাটোরের আম, সময়সূচি ঘোষণা জেলা প্রশাসনের
- আপডেট সময় : ১১:৪৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১৪৫ বার পড়া হয়েছে

১৫ মে থেকে বাজারে আসছে নাটোরের আম, সময়সূচি ঘোষণা জেলা প্রশাসনের
পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহ শুরু; নিরাপদ ফল উৎপাদনে প্রশাসনের নজরদারি জোরদার
চলতি মৌসুমে গাছ থেকে আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ঘোষণা করেছে নাটোর জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে নাটোর জেলায় গাছ থেকে আম নামানো ও বাজারজাতকরণ শুরু হবে।
সোমবার (১১ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “ফল সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন সংক্রান্ত প্রস্তুতি সভা” অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। এতে আমচাষি, ব্যবসায়ী ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ১৫ মে থেকে গুটি জাতের আম বাজারে আসবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম সংগ্রহ ও বিক্রি শুরু হবে।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী—
১৫ মে গুটি,
২৫ মে গোপালভোগ,
৩০ মে রানি পছন্দ ও ক্ষিরসাপাত,
৫ জুন লক্ষণভোগ,
১৫ জুন ল্যাংড়া ও আম্রপালি,
২৫ জুন মোহনভোগ ও হাড়িভাঙ্গা,
৩০ জুন ফজলি,
৫ জুলাই মল্লিকা,
১৫ জুলাই বারি-৪,
২০ জুলাই আশ্বিনা,
এবং ১০ আগস্ট গৌরমতি আম সংগ্রহ করা যাবে।
এছাড়া লিচু সংগ্রহের সময়ও নির্ধারণ করা হয়েছে। ১৭ মে থেকে মোজাফফর জাতের লিচু এবং ২৫ মে থেকে বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু আহরণ করা যাবে।
জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ফল সংগ্রহ, বিপণন ও পরিবহনে কোনো প্রতিবন্ধকতা না রেখে ভোক্তা পর্যায়ে নিরাপদ ফল নিশ্চিত করতে জেলা প্রশাসন কাজ করছে। জনস্বাস্থ্য সুরক্ষায় বাগানে রাসায়নিকমুক্ত ফল উৎপাদনে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাবিবুল ইসলাম খান বলেন, পরিপক্ব ফল সংগ্রহ ও কষজনিত পচন রোধে বোঁটাসহ আম পাড়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপদ ফল উৎপাদনে ব্যাগিং পদ্ধতি ব্যবহারেরও নির্দেশনা দেওয়া হচ্ছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নাটোর জেলায় ৫ হাজার ৬৯৩ হেক্টর আমবাগান থেকে প্রায় ৬৮ হাজার ৩১৬ টন আম এবং ৪ হাজার ৮৮৭ হেক্টর লিচুবাগান থেকে ৭ হাজার ৫৪০ টন লিচু উৎপাদনের আশা করা হচ্ছে।


















