শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ
- আপডেট সময় : ১১:২০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ২৪৫ বার পড়া হয়েছে

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন রাজশাহী কলজের অধ্যক্ষ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষর পদ থেকে পদত্যাগ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক। সোমবার (১২ আগস্ট) বেলা ১২ টার দিকে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বরাবর একটি লিখিত আবেদন পাঠিয়েছেন তিনি। এর আগে সকাল সাড়ে ১০ টার পর থেকে অধ্যক্ষের পদত্যাগসহ বেশ কয়েক দফা দাবিতে কলেজের প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পাশাপাশি রাজশাহী কলেজ যেনো রাজনীতি মুক্ত থাকে সেই দাবি জানান তারা।
শিক্ষার্থীদের আন্দোলনের এক পর্যায়ে পদত্যাগের ঘোষণা দেন অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। দুপুর ১২ টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর অন্যত্র বদলির আবেদন জমা দেন তিনি। যেহেতু সরকারি চাকরিজীবী হওয়ায় সরাসরি পদত্যাগ করলে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। এজন্য তিনি শিক্ষা মন্ত্রণালয়ে অন্যত্র বদলির আবেদন করেছেন।
অধ্যক্ষ তার আবেদনে লেখেন, লিভার ডিজিজ (সিএলডি) ও ডায়াবেটিস অসুখে আক্রান্ত এবং নিয়মিত চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ গ্রহণ করি। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে কলেজ পরিচালনায় অত্যধিক মানসিক চাপ অনুভব করায় আমার শারীরিক সমস্যা দেখা দিচ্ছে যা একজন সিএলডি আক্রান্ত রোগীর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এমতাবস্থায় আমি রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগ অথবা রাজশাহী মহানগরীর যেকোনো সরকারি কলেজের অর্থনীতি বিভাগে সংযুক্ত হিসেবে পদায়ন পেতে ইচ্ছুক। এর আগে আন্দোলনকারী শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগানে পদত্যাগের দাবিতে অধ্যক্ষকে কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন।




















