লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
- আপডেট সময় : ০৬:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

লালপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
নাটোরের লালপুরে অজ্ঞাতনামা একটি মোটরসাইকেলের ধাক্কায় শ্যামল কর্মকার (৫২) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ৮টার দিকে উপজেলার পালিদেহা মোড় এলাকায় লালপুর-ঈশ্বরদী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল কর্মকার উপজেলার পালিদেহা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সুকুমার কর্মকারের ছেলে। তিনি পেশায় একজন লোহা কামার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে কাজ শেষে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন শ্যামল কর্মকার। এ সময় পালিদেহা মোড় এলাকায় লালপুর-ঈশ্বরদীগামী সড়ক পার হওয়ার সময় ঈশ্বরদীগামী একটি অজ্ঞাতনামা মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অটোভ্যানে করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



















