রাজারহাটে নৈশপ্রহরীকে হত্যা করে ৩৪ লক্ষাধিক টাকা লুট
- আপডেট সময় : ০৪:০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ২৬৯ বার পড়া হয়েছে

রাজারহাটে নৈশপ্রহরীকে হত্যা করে ৩৪ লক্ষাধিক টাকা লুট
আবুল খায়ের টোব্যাকো অফিসে নৃশংস হত্যাকাণ্ড, তদন্তে সিআইডি
কুড়িগ্রামের রাজারহাটে নৈশপ্রহরীকে নির্মমভাবে হত্যা করে ৩৪ লক্ষাধিক টাকা লুটের দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে উপজেলার শান্তিনগর এলাকায় অবস্থিত আবুল খায়ের টোব্যাকো কোম্পানির অফিসে এ নৃশংস ঘটনা ঘটে।
দুর্বৃত্তরা গভীর রাতে অফিসের ভেতরে প্রবেশ করে কর্তব্যরত নৈশপ্রহরীকে হত্যা করে অফিসে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ লুট করে নেয়। নিহত নৈশপ্রহরীর নাম তপন সরকার (৫৫)। তিনি উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া গ্রামের ধীরেন্দ্র নাথ সরকারের ছেলে।
রোববার সকালে স্থানীয়রা অফিসের ভেতরে রক্তের চিহ্ন দেখতে পেয়ে ভেতরে ঢুকে নৈশপ্রহরীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।
ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারী ও ডাকাতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
আবুল খায়ের টোব্যাকো কোম্পানির রাজারহাট শাখার ম্যানেজার আনোয়ার কামাল লিটন বলেন, “সকালে অফিসের ভেতরে রক্তের চিহ্ন দেখে স্থানীয়রা ঢুকে নৈশপ্রহরীর লাশ দেখতে পায়। অফিসে আনুমানিক ৩৪ লক্ষাধিক টাকা ছিল, যা লুট করা হয়েছে।”
ঘটনার গুরুত্ব বিবেচনায় সকাল ১১টার দিকে সিআইডি পুলিশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
কুড়িগ্রামের সার্কেল এএসপি মাসুদ রানা বলেন, “সিআইডি টিম ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।”



















