মান্দায় খালের পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার
- আপডেট সময় : ০৩:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৩০৯ বার পড়া হয়েছে

মান্দায় খালের পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার
উথরাইল বিলে পাখি শিকারের সঙ্গে জড়িত ছিলেন নিহত রায়হান আলী, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের অপেক্ষা
নওগাঁর মান্দা উপজেলার উথরাইল বিলের খালের পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম রায়হান আলী (২২)। তিনি মান্দা উপজেলার ভারশোঁ মৎস্যজীবীপাড়া এলাকার আবুল কালামের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রায়হান আলী দীর্ঘদিন ধরে উথরাইল বিলে বিষটোপ ব্যবহার করে অতিথি পাখি শিকার করতেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, পাখি শিকারের কারণে রায়হান আলী দিনের বেশিরভাগ সময় উথরাইল বিলে অবস্থান করতেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে কয়েকজন মৎস্যজীবী বিলে মাছ ধরতে গিয়ে খালের পাড়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি মান্দা থানায় অবহিত করেন।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল গণি বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




















