ভুয়া বিয়ে করে একসঙ্গে বসবাস, তরুণী গর্ভবতী হলে পালানো যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ০২:২০:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

ভুয়া বিয়ে করে একসঙ্গে বসবাস, তরুণী গর্ভবতী হলে পালানো যুবক গ্রেপ্তার
লিবিয়াফেরত মাসুম মণ্ডল (২৭) নামে এক যুবক ফেসবুকে পরিচিত এক তরুণীকে ভুয়া কাগজপত্রে বিয়ে করে একসঙ্গে বসবাসের পর গর্ভবতী হলে পালিয়ে যান। পরে আদালতের নির্দেশে মামলা হলে র্যাব তাকে গ্রেপ্তার করে।
র্যাব-৫, সদর কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (২৯ অক্টোবর) সকালে জানানো হয়-মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে রাজশাহীর বিমানবন্দর এলাকা থেকে মাসুম মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথুলি পূর্বপাড়া গ্রামে।
র্যাব জানায়, ঢাকায় কর্মরত ওই তরুণীর সঙ্গে লিবিয়ায় থাকাকালীন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাসুম মণ্ডলের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে দেড় বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ১১ ফেব্রুয়ারি দেশে ফিরে মাসুম ওই তরুণীর গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে জাল কাগজপত্র তৈরি করে বিয়ের নাটক সাজান এবং স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুরে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
কিছুদিন পর তরুণী গর্ভবতী হলে মাসুম তাকে ছেড়ে পালিয়ে যান। পরে তরুণী স্বামীর বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা চাইলে মাসুম তাকে মারধর করে এবং হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন।
পরবর্তীতে তরুণী আদালতের আশ্রয় নেন। আদালতের নির্দেশে গত সেপ্টেম্বরে বগুড়ার শিবগঞ্জ থানায় মাসুম মণ্ডলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়।
মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম মণ্ডল অভিযোগের সত্যতা স্বীকার করেছেন বলে জানায় র্যাব। পরবর্তীতে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।




















