বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
- আপডেট সময় : ০১:৩৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১১৮ বার পড়া হয়েছে

বাগাতিপাড়ায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান
নাটোরের বাগাতিপাড়ায় পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ ও ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া), বাগাতিপাড়া শাখা।
সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরে অবস্থিত স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ফারিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা নানা ধরনের অবমূল্যায়ন, অনিরাপদ কর্মপরিবেশ ও হয়রানির শিকার হচ্ছেন। তিনি বলেন, “আমরা দালাল নই, বরং সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী।”
ফারিয়া বাগাতিপাড়া শাখার সভাপতি রবিউল ইসলাম বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ অংশ। তাই তাদের সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। তিনি তাদের সদস্যদের ‘দালাল’ আখ্যায়িত করা এবং দণ্ড প্রদানকারী ম্যাজিস্ট্রেটের অপসারণের দাবিও জানান।
তিনি আরও বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ, চাকরির স্থায়িত্ব, ন্যায্য কর্মঘণ্টা, চিকিৎসা সুবিধা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ফারিয়ার ঘোষিত ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ফারিয়া বাগাতিপাড়া শাখার সহ-সভাপতি মোঃ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক শাহ আলমসহ বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।
এ সময় অংশগ্রহণকারীরা ব্যানার ও স্লোগানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরেন। পরে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।



















